মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সাতক্ষীরা শাখা। সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম, পবিত্র মন্ডল ও সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় বক্তারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিসহ সকল ক্ষেত্রে সুযোগ প্রদান, ফার্মেসি ও নার্সিং কাউন্সিল হতে পেশাগত সনদ পত্র প্রদান, ডেন্টাল টেকনোলজিস্টদের ম্যাটস এর ন্যায় উপ-সহকারী ডেন্টাল অফিসারের পদমর্যাদাসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।
 
মানববন্ধন শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের জেলা শাখার নেতারা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ