চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঐতিহ্যবাহী সুলতানা জুট মিল ও ইউসুফ টেক্সটাইল মিল সন্ত্রাসীদের দিয়ে দখল করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই দুই কারখানা মালিকের এক ছেলে শাহ মুরাদ বুধবার সকাল ১০টায় সন্ত্রাসীদের দিয়ে দুটি কারখানা দখলের চেষ্টা চালালে মালিকের ছেলে ফরিদা ইয়াছমিন ও শাহা নেওয়াজসহ অন্যান্যরা বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের লাঞ্চিত ও হত্যার হুমকি দিয়ে মিল থেকে তাড়িয়ে দেন। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় স্থানীয় পুলিশ দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইউসুফ ১৯৬৯ সালে সীতাকুণ্ডে কুমিরা এলাকায় ৩০ একর জায়গার উপর প্রতিষ্ঠা করেন ইউসুফ টেক্সটাইল ও সুলতানা জুট মিল নামে দুইটি শিল্প প্রতিষ্ঠান। তিনি মারা যাওয়ার পর তার পরিবারের সদস্য ও নাতী-নাতনীরা ওয়ারিশ সূত্রে এই মিল দুইটির মালিক হন। কিন্তু পরিবারের পাঁচ সদস্যকে বঞ্চিত করে ইউছুফের অপর ছেলে শাহ মুরাদ সুলতানা জুট মিল ও ইউসুফ টেক্সটাইল দখলের চেষ্টা করবে জানতে পেরে ইউছুফের পাঁচ সন্তান চট্টগ্রাম অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেটের (উত্তর) আদালতে মামলা করেন। আদালত মিলে আইন শৃঙ্খলা বজায় রাখতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ অমান্য করে মোহাম্মদ শাহ মুরাদ কারখানা দুটি এককভাবে দখল করতে সকাল থেকে বহিরাগত সন্ত্রাসীদের মিলে নিয়ে আসেন। এ সময় তারা মিলের ভিতর থাকা বিভিন্ন মালামাল সরিয়ে নিয়ে আলাদা রাস্তাঘাট ও দেয়াল নির্মাণের চেষ্টা করেন।
অভিযুক্ত শাহ মুরাদ মোবাইল ফোনে বলেন, ‘মিলের সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে বৈঠকে আছি। মিলটি আমারই নিয়ন্ত্রণে রয়েছে।’
থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ