নির্বাচন পরবর্তী সহিংসতা

রামগতিতে নির্বাচনী সহিংসতায় আহত ৩০

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল সোমবার সকালে এবং রবিবার ভোট গ্রহণের সময় ও ফলাফল ঘোষণার পর রাতে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শরাফউদ্দিন আজাদ সোহেল ও পরাজিত আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াহেদের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কয়েকজন রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, নির্বাচনকে ঘিরে ওয়াহেদ ও সোহেলের সমর্থকদের মধ্যে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার সকালে হাজিরহাট বাজারে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তজুমদ্দিনে স্বতন্ত্র প্রার্থীর

পথসভায় হামলা

আহত ১৫

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় প্রতিপক্ষ হামলা চালিয়ে অফিস ও আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। আহতদের তজুমদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ্র

নির্বাচন পরবর্তী সহিংসতা

শৈলকুপায় বাড়িঘরে

হামলা ভাঙচুর

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। ওই সময় বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়।

জানা গেছে, রবিবার রাতে ভোট শেষে উপজেলার ধর্মপাড়ায় লিটন হোসেন, টেন্টু মিয়া, ইসাহাক আলি, চান্নু মিয়া ও দিলদার হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শৈলকুপা থানার ওসি মির্জা সালেহ উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে উপজেলার পাঁচপাকিয়া গ্রামের আইয়ুব আলি, মমরেজ আলি, ওয়াহেদ আলি ও উজিরের বাড়িতে সোমবার সকালে হামলা করেছে আনারস প্রতীকের সমর্থকরা। তারা বাড়িতে হামলা ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।