মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারী গ্রেপ্তার না হলে ঈশ্বরদীতে কঠোর কর্মসূচির ঘোষণা

ঈশ্বরদীর রূপপুরের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও  শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার ঈশ্বরদীর দাশুড়িয়াতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মুক্তিযোদ্ধারা ঈশ্বরদী অচল, পাবনা জেলা সদরে মানববন্ধন, রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়ার ঘোষণাসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।

মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের পাবনা জেলা কমান্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ।