নওগাঁয় পাঁচ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

নওগাঁর মান্দা উপজেলায় ৪ মাস ২৫ দিন পর রশিদা বিবি (৪২) নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
রশিদা বিবি উপজেলার গোবিন্দপুর মাস্টারপাড়া গ্রামের হবির উদ্দিন মণ্ডলের স্ত্রী। বুধবার দুপুরে তাদের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
 
আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম উপস্থিত থেকে লাশটি উত্তোলন করেন। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। 
 
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রশিদা বিবিকে হত্যার অভিযোগ এনে নিহতের মা কাফেজান বিবি গত ২৮ জুন নওগাঁ আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মান্দা থানাকে নির্দেশ দেন। 
 
তিনি আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান আবেদনের প্রেক্ষিতে লাশটি উত্তোলন ও ময়নাতদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয় আদালত।
 
ইত্তেফাক/ইউবি