কুমিল্লায় পল্লী বিদ্যুত্ কর্মচারীদের পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ

বাংলাদেশ পল্লী বিদ্যুত্ সমিতিতে চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া মিটার রিডার ও মেসেঞ্জার পদে কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কর্মচারীরা।
 
বুধবার দুপুরে মহানগরীর উত্তর রামপুর (বিশ্বরোড) এলাকার কুমিল্লা পল্লী বিদ্যুত্-২-এর সদর দফতরের সামনে তারা এ কর্মসূচি পালন করে।  
 
সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা পল্লী সমিতি-২-এর সদর দফতর প্রাঙ্গণে মিটার রিডার ও মেসেঞ্জার ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
 
এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি নুরুল আমিন, সহসভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ।
 
দুপুরে কর্মচারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। প্রায় ১৫ মিনিটের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অবরোধস্থলে এসে কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
 
ইত্তেফাক/এএন