ক্যালাইসে ‘জাঙ্গল’ শরণার্থী শিবির ভেঙে ফেলার কাজ অব্যাহত রেখেছে ফরাসি কর্তৃপক্ষ। এরই মধ্যে গত মঙ্গলবার রাতভর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে শিবিরটির একাংশ। এতে একটি গ্যাসের ক্যানেস্তারা বিস্ফোরিত হয়ে একজন শরণার্থী সামান্য আহত হয়েছেন।
গত সোমবার ফ্রান্সের ক্যালাইসে অবস্থিত ‘জাঙ্গল’ শরণার্থী শিবিরটি খালি করা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দারিদ্র্যপীড়িত ওই শিবিরটি থেকে সাত হাজারের মতো শরণার্থীর মধ্যে চার হাজার শরণার্থীকে ফ্রান্সের আশপাশের আশ্রয়স্থলগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। শরণার্থী শিবিরটি উচ্ছেদের অভিযান এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ রয়েছে।
ঘটনাস্থল থেকে বিবিসির এক প্রতিনিধি বলেন, ক্যাম্পের ভিতরে প্রধান সড়কের ওপর রাতভর কুঁড়েঘরগুলোতে আগুন ধরিয়ে দিলে সেগুলো ছাইয়ে পরিণত হয়। ওই প্রতিনিধি আরো জানান, যেসব শরণার্থী শিবিরটি ছাড়তে এবং কর্তৃপক্ষের দ্বারা তাদের আশ্রয়স্থল ভেঙে ফেলা দেখতে চান না, আগুন লাগানোর ঘটনাটি হয়তো তাদের শেষ প্রকাশ্য অবাধ্যতা। স্থানীয় কর্তৃপক্ষের একজন শীর্ষ কর্মকর্তা বিএফএমটিভিকে বলেছেন, ‘চলে যাওয়ার সময় শরণার্থীদের মধ্যে তাদের বাড়ি-ঘর ধ্বংস করার একটি ঐতিহ্য রয়েছে।’ তবে ক্যালাইসের পুলিশ কমিশনার বলেছেন, শরণার্থীরা তাকে জানিয়েছে, কর্মীরা আগুন লাগানো শুরু করেছিল।
শিবিরের বাসিন্দা মাহমৌদ আল-সালেহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাতজুড়ে বেশ কয়েকটি আগুন লাগানো হয়। প্রতিবারই কেউ এটা নিভিয়ে ফেললে, অন্য কেউ আবার আগুন ধরিয়ে দেয়। এটা পরিষ্কারভাবেই ইচ্ছাকৃত। তিনি আরো জানান, ‘দমকল কর্মীরা দেরিতে এসেছিল। অনেক সময় ধরে এটা (আগুন) আমাদের কাছাকাছি ছিল। শরণার্থী ও স্বেচ্ছাসেবকরা আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করেন।’
ইত্তেফাক/এএন