পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ করে হলতা গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদারকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিন দিন ধরে চলমান নির্বাচনী সহিংসতার জেরে গতকাল সোমবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে। উপজেলার গুলিশাখালী ইউনিয়ন বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হওয়া জনিকে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে মঠবাড়িয়ায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আজ মঙ্গলবার থেকে আগাম বিজিবি মোতায়েন করা হচ্ছে।
জানা গেছে, ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমাদানের পর থেকে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। গত শনিবার রাতে গুলিশাখালী ইউনিয়ন বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থক ইউপি সদস্য আলাউদ্দিনের ওপর নৌকার সমর্থকরা হামলা চালায় । এর জের ধরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার প্রার্থী হোসাইন মোশররফ সাকু ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ২০জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার পর দুই প্রার্থীর সমর্থকরা মারমুখী অবস্থান নেয়। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে স্বতন্ত্র (আনারস) প্রার্থীর সমর্থক স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি তালুকদার বাড়ি থেকে স্থানীয় গুলিশাখালী বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের সমর্থকরা ধাওয়া করে। এক পর্যায়ে তাকে ধরে ফেলে কুপিয়ে সড়কের ওপর ফেলে রাখে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে এ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।
নিহত জনি উপজেলার কবুতরখালী গ্রামের সাবেক পুলিশ সদস্য মৃত হাতেম আলী তালুকদারের ছেলে। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান আছে। এদিকে শনিবার রাতে প্রতিপক্ষের আক্রমণে আওয়ামী লীগ প্রার্থী হোসাইন মোশাররফসহ ২০জন আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। আহতরা বরিশাল ও মঠবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা মোকাবিলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান। গতকাল বিকালে জেলার সাংবাদিকদের সঙ্গে তিনি নির্বাচন বিষয়ে এক মতবিনিময় সভায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দুই দিন আগেই আজ মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনের নির্দেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে।
গতকাল রাতে মঠবাড়িয়ায় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।