মাগুরায় জালিয়াতির মাধ্যমে অর্থ-আত্মসাৎ : ২ কর্মচারীকে পুলিশে সোপর্দ

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের তহবিল থেকে ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ ও গুরুত্বপূর্ণ ফাইল চুরির অভিযোগে ২ কর্মচারী অর্চণা রাণী ও জামসেদ শেখকে বৃহস্পতিবার বিকালে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা সরকার জানান, গত ৭ অক্টোবর ২০১৬ বিদ্যালয়ের  ফাইল সংরক্ষণ কক্ষ থেকে ব্যাংক চেক বই ও ফাইল চুরি হয়। এ ব্যাপারে মাগুরা  সদর থানায় তিনি  জিডি করেন ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপক কুমার রায়কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত চলাকালে মঙ্গলবার (২৫ অক্টোবর)  রাতে বিদ্যালয়ের দুই এমএল এস এস অর্চণা রাণী ও জামসেদ শেখ প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তার কাছে চেক চুরির বিষয়ে স্বীকারোক্তি দেন। তারা জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের চেক দিয়ে কিছু টাকা ব্যাংক থেকে তুলেছেন। অর্থ আত্মসাৎ ঠেকাতে চেক বই ও  ফাইল চুরি করেছেন করেছে তারা । উক্ত দু কর্মচারীর  স্বীকারোক্তির সূত্র ধরে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে ২০১৬ সালের  জুলাই মাস থেকে স্কুলের চেক বই নিয়ে প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে  ৫ লক্ষাধিক টাকা তুলে নিয়েছেন তারা।  ওই দুই কর্মচারীর কাছে স্কুলের ফাইল সংরক্ষণ কক্ষের তালা চাবি থাকতো। তারা প্রধান শিক্ষকের সীল ব্যবহারসহ স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেছে।
 
এ ব্যাপারে  মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের তহবিল থেকে টাকা আত্মসাৎ ও গুরুত্বপূর্ণ ফাইল চুরির অভিযোগে দুই কর্মচারীকে পুলিশে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 
 
 
 
ইত্তেফাক/এমআই