কুমিল্লায় গ্যাস চুরির অভিযোগে আরও একটি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর সড়কের জেলার বিজরা এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ অভিযান চালিয়ে মল্লিকা নামের ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করে।
বাখরাবাদ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে জেলার কুমিল্লা-চাঁদপুর সড়কের বিজড়া এলাকায় মেসার্স মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনটি বাখরাবাদ গ্যাস পাইপ লাইন থেকে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করে আসছিল।
বৃহস্পতিবার দুপুরের দিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ইউসুফ আলীর নেতৃত্বে আইনপ্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে সংযোগ বিচ্ছিন্ন ও মিটার কর্তন করা হয়।
বাখরাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাঈমুল করিম খাঁন জানান, গত এক মাসে অভিযান চালিয়ে গ্যাস চুরির অভিযোগে বৃহস্পতিবার পর্যন্ত ১৩টি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খাঁন জানান, সিএনজি স্টেশনে গ্যাস চুরির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এমআই