গরিব ৫ কোটি পরিবারকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

ক্ষমতায় গেলে ভারতের ৫ কোটি গরিব পরিবারকে বছরে ৭২ হাজার রুপি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গতকাল সোমবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা দিয়ে নতুন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাপে ফেলে দিয়েছেন তিনি।

লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, উত্তাপ ততই বাড়ছে। চলছে প্রতিশ্রুতির ছড়াছড়ি। সেই উত্তাপ আরো বাড়িয়ে দিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, কংগ্রেস                 ক্ষমতায় গেলে দেশের ২০ শতাংশ মানুষের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার রুপি দেবে সরকার। মোদি ধনীদের টাকা দেন। কংগ্রেস গরিবদের টাকা দেবে। দারিদ্র্য দূর করা হবে। মাথাপিছু দৈনিক আয় ৪০ টাকার নিশ্চয়তা দেওয়া হবে।? ভারতের বর্তমান জনসংখ্যা ১৩০ কোটিরও বেশি। সেই হিসাবে ২৬ কোটিরও বেশি মানুষকে তিনি এই প্রতিশ্রুতি দিলেন। এর ফলে ৫ কোটি পরিবার উপকৃত হবেন। দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে আসবে।

রাহুল গান্ধী এই নতুন প্রকল্পের নাম দিয়েছেন ‘ন্যায়’। প্রিয়ঙ্কা গান্ধী যখন আহমেদাবাদে কংগ্রেস নেতাদের আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন, তখনই ন্যূনতম আয় প্রকল্পের নামকরণ করেছিলেন ‘ন্যায়’। রাহুল বলেন, একবিংশ শতাব্দীতেও ভারতে গরিবের উপস্থিতি কংগ্রেস কখনো সমর্থন করে না। তাই দেশে দারিদ্র্য দূরীকরণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাহুল বলেন, আমরা গত ৪ থেকে ৫ মাস ধরে এই প্রকল্প নিয়ে কাজ করেছি। এবার গরিবদের জন্য সুবিচার চাই। এটা অত্যন্ত ‘শক্তিশালী’, ‘প্রগতিশীল’ এবং ‘সুচিন্তিত’ একটা প্রকল্প। পাশাপাশি তিনি বলেন, মোদি ভারত ভাগ করছেন। আমরা দুটো ভারত হতে দেব না। একটাই ভারত, সবার ভারত।

নির্বাচনের ঠিক আগে রাহুলের এই নতুন প্রতিশ্রুতি নরেন্দ্র মোদিকে আরো চাপে ফেলবে বলেই মনে করছে ভারতের রাজনৈতিক মহলের একাংশ। যদিও রাহুলের এই প্রকল্পের বিরোধিতায় ইতোমধ্যে নেমে পড়েছে বিজেপি। তারা বলছে, এই প্রকল্প বাস্তবায়নে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা ভারত সরকারের ভাণ্ডারে নেই।