চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে র্যাব এর সাথে ‘বন্দুক যুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছে। গত রবিবার গভীর রাতে র্যাবের সঙ্গে গুলিবিনিময়কালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে তার। ঘটনাস্থল হতে একটি বিদেশি রিভলভার, সাতটি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রাম-এর দায়িত্বরত কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া ৪ টার দিকে জলদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করলে র্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি করা হয়। এ সময় এক জলদস্যু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। তার নাম, ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল হতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে তাত্ক্ষণিকভাবে র্যাবের পক্ষ থেকে গুলিবিদ্ধ ওই জলদস্যুর নাম, ঠিকানা নিশ্চিত করা না হলেও স্থানীয় লোকজনের নিকট হতে নিহত ওই জলদস্যু কুতুবদিয়া উপজেলার আবু তালেব বলে জানা গেছে।