ঢাকার চারপাশের নদীগুলি দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ’র লাগাতার অভিযানের ৩য় ধাপে ২২তম দিনে সোমবার মিরপুর বেড়ীবাঁধ ও সাভারের কাউন্দিয়া এলাকায় তুরাগ নদীর উভয় তীরে বহুতল ভবন, আধাপাকা ভবন, টিনশেড ঘরসহ ৫৬টি অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে ছিল ১৩টি একতলা ভবন, ৭টি দোতলা ভবন, ৪টি তিনতলা ভবন এবং চারতলা ভবন ছিল একটি। এ নিয়ে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ করা স্থাপনার সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯১৪ টিতে।
বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীকে দখলমুক্ত করতে কমপক্ষে আরো দেড় থেকে দুই মাস সময় লাগবে।
সচেতন মহলের দাবি, উচ্ছেদের পাশাপাশি নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারী মালিকদের বিরুদ্ধে মামলা দেওয়াসহ ক্ষতিপূরণ আদায় না করা হলে বিআইডব্লিউটিএ’র এ উচ্ছেদ অভিযান টেকসই হবে না। কেননা দখলবাজরা আবারো সুযোগ পেলে নদী দখলে মরিয়া হয়ে উঠবে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে মিরপুর বেড়ীবাঁধ ও সাভারের সিন্নিটেক থেকে তুরাগ নদীর দুইপাড়েই বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।