না’গঞ্জে উপজেলা নির্বাচন নিয়ে মতবিনিময়

কোনো ধরনের অরাজকতাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না :এসপি হারুন

আগামী ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার ৩টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম (বার) পিপিএম (বার) বলেন, জেলার রূপগঞ্জ, সোনারগাঁ এবং আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষুম হবে। কোনো প্রকার অরাজকতা করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষুম ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তার সবকিছুই করার জন্য তারা প্রস্তুত রয়েছে। কোনো অরাজকতা, অবৈধ তদবির, অস্থিরতাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।