জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে তিন দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উত্সব’ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উত্সবের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের কথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ সময় একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ এবং মুক্তিযোদ্ধা শিল্পী আবুল বারক আলভীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত মুক্তিসংগ্রাম আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। উত্সবের আহবায়ক ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী, চারুকলা বিভাগের সভাপতি শারমিন জাহান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন।