রওশনকে বিরোধী দলের উপনেতার স্বীকৃতি দিলেন স্পিকার

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের চিঠির প্রেক্ষিতে বেগম রওশন এরশাদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয় গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় পার্টির  চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ২৩ মার্চের পত্রের প্রেক্ষিতে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের স্থলে বেগম রওশন এরশাদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।’

এরশাদ গত শনিবার জিএম কাদেরকে সরিয়ে রওশন এরশাদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওইদিনই তিনি স্পিকারকে চিঠি দেন। উল্লেখ্য, রওশন এরশাদ দশম সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন।