‘সার্ভাইভিং ৭১ আমার স্বপ্নের প্রজেক্ট’

বিনোদন রিপোর্ট

 

হলিউডের বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা নির্মাণ করছেন মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র ‘সার্ভাইভিং ৭১’। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইউটিউবে একটি টিজারও প্রকাশিত হয়েছে। ছোট্ট ভিডিওচিত্রটিতে দেখা যায়, ট্রেনে বন্দি কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে নদী পাড়ি দিচ্ছে পাকহানাদার বাহিনী। তাদের পরিকল্পনা চোখ বাঁধা অবস্থায় মুক্তিযোদ্ধাদের গুলি করে চলন্ত ট্রেন থেকে নদীতে ফেলে দেওয়া। যেখানে সরীসৃপের মতো জিহ্বা, কান ও চোখ দিয়ে হানাদার বাহিনীর নিষ্ঠুর দিকও তুলে ধরেছেন এই অ্যানিমেটর।

‘সার্ভাইভিং ৭১’ প্রসঙ্গে ওয়াহিদ ইবনে রেজা বলেন, ‘আমরা জাতি হিসেবে ভীষণ ইমোশনাল। আমরা খুব সহজেই খুব খুশি হয়ে যাই। আবার খুব সহজেই হতাশ হয়ে পড়ি। এই কাজটি নিয়ে আমার কল্পনায় যা আছে তা যেন পর্দায় শতভাগ ফুটে ওঠে সেই চেষ্টা থাকবে। এরপর মানুষ সেটা পছন্দ করবে কি-না সেটা তো আগে থেকে বলা মুশকিল। তবে আমি আমার মতো শতকরা ১১০ ভাগ দিয়ে কাজ করে যাব। এটা আমার স্বপ্নের প্রজেক্ট এবং আমি কোনো কাজে কম্প্রোমাইজ করবো না। অন্তত এই প্রজেক্টে না। আর বাকিটা সময় বলে দেবে।’

টিজার প্রসঙ্গে তিনি বলেন, ‘টিজার প্রকাশের আগে চিন্তা ছিল মানুষের আগ্রহ আসলে কতটুকু। কিন্তু বিষয়টি এখন পরিষ্কার, মানুষ এমন কাজই দেখতে চায়।’

চলচ্চিত্রটির গল্প নিয়ে তিনি আরো বলেন, ‘এই ছবির চিত্রনাট্যের একটি অংশের গল্পটি আমার বাবার জীবনী থেকে নেওয়া। তবে আমি অনুপ্রাণিত হয়ে বলবো। অবলম্বনে বলবো। হুবহু বলতে যাব না। যাতে একটু কম সতর্ক থেকেও কাজটি করা যায়। একটু শিল্পীর স্বাধীনতা যেন থাকে। তবে পুরো প্রজেক্টটা করতে গেলে বাড়তি সতর্ক তো থাকতে হবেই। আর ছবিতে দেখা যাবে ধ্রুব ও আক্কু নামে দুই বন্ধুর গল্প, যারা একসঙ্গে মুক্তিযুদ্ধের সময় অনেক রোমহর্ষক ঘটনার পর প্রাণে বেঁচে যায় এবং যোগ দেয় যুদ্ধে।’

রেজা এ সময় ব্যস্ত আছেন ‘দ্য অ্যাংরি বার্ডস টু’ ছবির কাজ নিয়ে। ২০১৬ সালে মুক্তি পায় হলিউডের ব্লকবাস্টার অ্যানিমেটেড ছবি দ্য অ্যাংরি বার্ডস। আগামীবছর আসছে এই সিরিজের নতুন ছবি। আর তাতে কাজ করছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা। শিশুতোষ এ ছবির মডেলিং ও ম্যাটপেইন্টিং বিভাগের দায়িত্বে আছেন তিনি।

ওয়াহিদ ইবনে রেজা হলিউডের বিখ্যাত ছবি গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’র ভিজ্যুয়াল ইফেক্টস টিমে কাজ করছেন। এছাড়া কাজ করেছেন ক্যাপ্টেন আমেরিকা:সিভিল ওয়ার, ফিফটি শেডস অব গ্রে’সহ আরো অনেক ছবিতে। বর্তমানে হলিউডের সনি পিকচার্স ইমেজ ওয়ার্কসে অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।