পাকিস্তান সেনবাহিনীর মুখপাত্রের দাবি
বালাকোটে অভিযানের পর ভারতের বিরুদ্ধে হামলা চালাতে এফ-১৬ নয়, বরং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল। এমনটাই দাবি করল পাকিস্তান। খবর আনন্দবাজার পত্রিকার
রাশিয়ার সংবাদমাধ্যমে একটি সাক্ষাত্কারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, বালাকোটের পর পাক যুদ্ধবিমানের যে ধ্বংসাবশেষ প্রমাণ হিসাবে দেখিয়েছিল ভারত, তা আদৌ মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ নয়। ওই যুদ্ধবিমান আসলে চীনের সঙ্গে যৌথ প্রযুক্তিতে তৈরি জেএফ-১৭ থান্ডার-এর অংশ। ওই অভিযানের ফুটেজও তাদের কাছে রয়েছে বলে দাবি মেজর জেনারেল গফুরের। ভারতের দাবি ছিল, এফ-১৬ যুদ্ধবিমান থেকে এআইএম-১২০ এএমআরএএএম (অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল) ছুড়েছিল পাকিস্তান। ভারতীয় বিমানবাহিনীর দাবি, এতে আমেরিকার সঙ্গে ওই যুদ্ধবিমান কেনার সময় সমঝোতা স্মারক চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। কারণ, ওই চুক্তি অনুযায়ী, আক্রমণ করার উদ্দেশ্যে ওই যুদ্ধবিমান ব্যবহার করা যাবে না। পাকিস্তান আদৌ চুক্তি ভঙ্গ করেছে কি না, তা খতিয়ে দেখছে আমেরিকা। এ নিয়ে পাকিস্তানের কাছে আরও তথ্যাদি চাওয়া হবে বলে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গিহানার পাল্টা হিসাবে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতের বিমান। ২৬ ফেব্রুয়ারির ওই অভিযানে জইশ-ই-মোহম্মদের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংসের দাবি করে ভারত। তবে ভারতের দাবি নস্যাত্ করে পাকিস্তানের পাল্টা দাবি ছিল, ওই অভিযানে কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি, ফাঁকা জায়গায় বোমা ফেলে চলে যায় ভারতীয় বিমান। বালাকোট অভিযানের একদিন পরেই ভারতের বিরুদ্ধে হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি ছিল, পাকিস্তানের এফ-১৬ বিমানের ধ্বংসাবশেষও তাদের মাটিতে পড়েছে।