চীন সফরে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

g রয়টার্স

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেছেন, এ সপ্তাহের শেষের দিকে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। সোমবার এক বিবৃতিতে তিনি এই সফরের কথা জানান।

সাম্প্রতিক সময়ে দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে বেশ টানাপোড়েন চলে। তাই দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুতে তিনি এ ঘোষণা দিলেন। গত বছর প্রথম তিনি চীন সফরের কথা ঘোষণা করেন। তবে সেসময়ে তার যাওয়ার কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি; কিন্তু এবারের সফরের বিষয়ে তিনি আগামী রবিবার চীনে যাবেন বলে ঘোষণা দেন। এ সফরের মধ্যে আশা করা হচ্ছে- দুই দেশের মধ্যে সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল তা অনেকটা ঘুচবে। চীনের সঙ্গে নিউজিল্যান্ডের সম্পর্কের তিক্ততা জেসিন্ডা সরকারের শুরুতেই সৃষ্টি হয়েছিল। তিনি নিজেই এই তিক্ততা অবসানের উদ্যোগ নেন। তবে তার এ সফর নিউজিল্যান্ডে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে একদিন করা হয়েছে। মূলত চীন-নিউজিল্যান্ড সম্পর্কের অধঃপতন শুরু হয় দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ের ৫জি নেটওয়ার্ক চালুর বিষয়টি প্রত্যাখ্যান হওয়ার পর থেকে। নিউজিল্যান্ডের বিরোধী দলগুলোও দুইদেশের মধ্যে খারাপ সম্পর্কের জন্য জেসিন্ডাকেই দায়ী করছেন। তারা বলছেন, এর আগে দুইদেশের মধ্যে এতো খারাপ সম্পর্ক ছিল না। জেসিন্ডা ক্ষমতায় আসার পর থেকেই এই দূরত্ব সৃষ্টি হয়। আর্ডেন এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করে যাবেন। তিনি বলেন, তাদের বৃহত্ পার্টনার চীনের সঙ্গে যতটুকু দূরত্ব সৃষ্টি হয়েছে তা ঘুচিয়ে ফেলা হবে। বিবৃতিতে জেসিন্ডা বলেন, আমাদের ইচ্ছে ছিল চীন সফর কয়েকদিনের হবে; কিন্তু নিউজিল্যান্ডে বর্তমান অবস্থার কারণে এই সফর সংক্ষিপ্ত করা হয়েছে।