গাইবান্ধায় সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে চাচাতো ভাই-বোন মারা গেছেন। এই ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে।
নিহতরা হলেন- ঝিনিয়া গ্রামের মফিজল মিয়ার ছেলে তসলিম মিয়া (৩৫) ও তার চাচাতো বোন মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম (৩০)। তাত্ক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন আবুল হোসেনের ছেলে হযরত আলী, হাবিজার রহমান, আজিজল হক, মৃত- বজর আলীর ছেলে আবুল হোসেন, হযরত আলীর স্ত্রী গোলেনুর, আবুল হোসেনের স্ত্রী জরিনা বেগম, মোজাহার আলীর স্ত্রী আকলিমা বেগম ও হাবিজার রহমানের স্ত্রী মোর্শেদা আক্তার।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, তসলিম ও মর্জিনাদের সাথে প্রতিবেশী হয়রত আলী গংদের প্রায় ২ বিঘে জমি নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে আদালতে মামলাও আছে। বিরোধপূর্ণ ঐ জমিতে হযরত আলী গংরা জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। শনিবার সকাল নয়টার দিকে তসলিম ও মর্জিনারা লোকজন নিয়ে বিরোধপূর্ণ ঐ জমিতে ধান কাটতে যান। জমিতে প্রবেশ করতে গিয়ে তসলিম বিদ্যুতের তারে জড়িয়ে পরে। তাকে বাঁচাতে মর্জিনা এগিয়ে যান। এতে তসলিম ও মর্জিনা ঘটনাস্থলেই মারা যান। তাদের বাঁচাতে এগিয়ে গিয়ে আরো পাঁচজন আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত আছে।
ইত্তেফাক/এএসএস