‘আজ থেকে ১০ বছর আগে ১৬ কোটি মানুষের শতকরা এক শতাংশ মানুষও জানতেন না স্ট্রবেরি কী জিনিস! এই বিশ্ববিদ্যালয়েরই উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনজুর হোসেন বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল রেখে নতুন উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে স্ট্রবেরি কীভাবে চাষাবাদ করা যায়, সে বিশ্বাস মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন। আর এরপর বাকিটা কৃষকরা নিজেই করেছেন। এটা বাংলাদেশের জন্য, রাজশাহীর জন্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।’
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুই দিনব্যাপী সায়েন্স ফিয়েস্টা শীর্ষক বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সমানে বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবে উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিজ্ঞানের আবিষ্কার ও গুরুত্ব সাধারণ মানুষ প্রথম পর্যায়ে বুঝতে পারেন না। শত শত বছর ধরে মানুষ জেনে এসেছে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কিন্তু একজন বিজ্ঞানী যথাযথ তথ্য দিয়ে যখন বলে, পৃথবী ঘোরে। তখন প্রথম রি-অ্যকশন কী হয়, যে ওই বিজ্ঞানী পাগল। সুতারাং বিজ্ঞান নিয়ে যারা পড়বে তাদের বিজ্ঞানের সূত্রের প্রতি বিশ্বাস, বিজ্ঞানের আবিষ্কারের প্রতি বিশ্বাস থাকতে হবে।’
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি চৌধুরী আরিফ জাহাঙ্গীর তুর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি জহুরুল ইসলাম মুন।
দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রোজেক্ট শো প্রতিযোগিতা, সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্স টক, ওয়াল রিসার্স প্রেজেন্টেশন প্রতিযোগিতা, সায়েন্স বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন থ্রো সায়েন্স, সায়েন্স শো, স্কাই অবজারভেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।
ইত্তেফাক/এমআই