ইত্তেফাক রিপোর্ট
সেমস গ্লোবাল আয়োজন করছে ‘১২তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (বিআইটিএফ)-২০১৯’। গতকাল মঙ্গলবার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি), পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। এবারের আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কোরিয়া ও থাইল্যান্ড থেকে আগত ভোক্তা, উদ্যোক্তা, প্রদর্শক ও দর্শনার্থীদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা করছেন। এর মাধ্যমে তারা নতুন নতুন পণ্য, প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন। প্রদর্শনীতে শিশুদের জন্য একটি বিশেষ চাইল্ড প্লে জোনের ব্যবস্থা করা হয়েছে যা ৫ দিন উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে থাকছে ইলেকট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা পণ্য, প্রসাধনী সামগ্রী, গৃহসজ্জা সামগ্রী, ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইল পণ্য ও সেবা এবং কারু ও হস্তশিল্প পণ্য। চামড়াজাত পণ্য, গৃহস্থালী পণ্য, বিল্ডিং ম্যাটেরিয়ালস, খেলনা ও গেমস, শিশু পণ্য সামগ্রী থাকছে প্রদর্শনীতে।