হোমনায় বন্দুকযুদ্ধে এক পুলিশ আহত

হোমনায় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এসময়  দুই ডাকাত দলের দুই সদস্যকে বিপুল পরিমান অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, শ্রীমদ্দি সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে এ এস আই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র-সস্ত্রসহ দুই নৌ-ডাকাতকে গ্রেফতার করে ফেরার পথে পুলিশের ইঞ্জিন চালিত ট্রলারকে পেছন থেকে তাদের সহযোগিরা ধাওয়া করে। উপজেলার চরেরগাঁও এলাকার তিতাস ও মেঘনা নদীর মোহনায় পৌঁছলে আটকদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি, ইট-পাটকেল ও বোমা নিক্ষেপ করে তারা। এতে পুলিশের এক জন সদস্য মো. জামাল মোল্লা (৩৩) আহত হন। এ সময় পুলিশ ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে।
 
আহত পুলিশ সদস্যকে হোমনা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা পুলিশ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
 
আটককৃতরা হলেন- মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. রবিউল (২৮) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. জুয়েল (২৮)। এ সময় আটকৃতদের কাছ থেকে একটি এল জি, একটি ৭ পয়েন্ট ৬৫ চাইনিজ পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, ১১ টি কার্তুজ, সাতটি বোমা, তিনটি রাম দা’, একটি বড় ছোড়া, তিনটি স্পিড বোট, ৪ হেলমেট এবং ১০ টি লাইফ জ্যাকেট উদ্ধার করে পুলিশ।
 
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ারুল হক জানান, অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নৌ-ডাকাতের একটি দল মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছল। খবর পেয়ে হোমনা থানার পুলিশ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজ, বোমা ও দেশীয় অস্ত্র সস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ১৯ রাউন্ড গুলি চালায়। এ ঘটনায় জামাল মোল্লা নামে একজন পুলিশ সদস্য আহত হন।
 
ইত্তেফাক/এমএইচ