নেটফ্লিক্স-এর সঙ্গে প্রতিযোগিতা করবে ‘অ্যাপল টিভি প্লাস’

আরিফুর রহমান

 

সম্প্রতি অ্যাপল টিভি প্লাস চালুর ঘোষণা করা হয়েছে। কিউপারটিনোর অ্যাপল পার্ক ক্যাম্পাসের স্টিভ জবস থিয়েটারে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল। প্ল্যাটফর্মটির নাম অ্যাপল টিভি প্লাস।

এ বিষয়ে টিম কুক আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, এতে সাবস্ক্রাইব করলে বিজ্ঞাপন দেখতে হবে না। এর অনলাইন কনটেন্টগুলো ১ শ’ টিরও বেশি দেশে দেখা যাবে আপাতত। আগামী বছরের মাঝামাঝি সময়ে চালু হবে এই সেবাটি। তবে মাসিক সাবস্ক্রিপশন ফি কতো হবে তা এখনো জানানো হয়নি। এর আগে একটি সংবাদ মাধ্যম জানানো হয়, আইওওস ব্যবহারকারীরা বিনামূল্যেই অ্যাপল প্লাসের অনুষ্ঠানগুলো দেখতে পারবেন।

এতে ‘দ্য মর্নিং শো, হোম বিফোর ডার্ক, সি, ডিককিনসন, ডিয়ার, ফর অল ম্যানকাইন্ড, ট্রুথ বি বোল্ড, সার্ভেন্ট, হালা, আমেজিং স্টোরিজ, মিথিক কোয়েস্ট নামের কয়েকটি ড্রামা সিরিজ দেখা যাবে।

অ্যামেজিং স্টোরিজ শোটি প্রযোজনা করবেন স্টিভেন স্পিলবার্গ। অ্যাকুয়াম্যান খ্যাত জেসন মোমোয়াকে দেখা যাবে সায়েন্স ফিকশন সিরিজ ‘সি’-তে।

দ্য মর্নিং শো নামের সিরিজটিতে অভিনয় করবেন জেনিফার অ্যানিস্টোন ও রিস উইদারষ্পুন। অপরাহ উইনফ্রেও অ্যাপলের স্ট্রিমিং প্ল্যাটফর্মটির জন্য দুটি ডকুমেন্ট্রি তৈরি করবেন। একটি ডকুমেন্ট্রি সিরিজ তৈরি হবে কর্মক্ষেত্রে যৌন হয়রানির উপর। নাম হবে ‘টক্সিক লেবার’। মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মানাধীন অন্য ডকুমেন্ট্রিটির নাম এখনো ঠিক  হয়নি। 

অ্যাপল টিভি প্লাসের পাশাপাশি অ্যাপল টিভি অ্যাপ আনা হবে আগামী মে মাসে। আইফোন, আইপ্যাড ও অ্যাপল টিভি থেকে অ্যাপটি ব্যবহার করা যাবে। অ্যাপল টিভি প্লাসের ছাড়াও এতে এইচবিও, শোটাইম, স্টারজ ও শোটাইম স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করা যাবে।

অ্যাপল টিভি প্লাসের পাশাপাশি অ্যাপলের আরো একটি সেবার কথা জানান টিম কুক। অ্যাপলের অন্যতম সেবা অ্যাপল নিউজ এর উন্নত সংস্করণ আনার ঘোষণা দেন তিনি।  নাম দেওয়া হয়েছে অ্যাপল নিউজ প্লাস।

অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন প্রকাশনার ম্যাগাজিন ও নিউজপেপার পড়তে পারবেন। নিউজপেপার ও ম্যাগাজিনের শুধু নতুন সংস্করণ নয় আগের সংস্করণগুলোও পড়া যাবে অ্যাপটিতে।

 সেবাটি গ্রহণ করতে হলে গ্রাহকদের গুণতে হবে অর্থ। প্রতিমাসে ৯ দশমিক ৯৯ ডলারে ৩০০ প্রকাশনার ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। সাবস্ক্রিপশন সুবিধা নিয়ে পড়া যাবে, পিপল, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন, ইএলএলই, গ্ল্যামার, ভ্যানিটি ফেয়ার, ভোগ ইত্যাদি ম্যাগাজিন। নিউজপেপারের মধ্যে  দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট ছাড়াও আরও অনেক প্রকাশনার খবর পড়া যাবে।

 শুধু যুক্তরাষ্ট্রে ও কানাডায় চালু হয়েছে এই সেবাটি। কানাডায় প্রতি মাসে ১২ দশমিক ৯৯ ডলারে সেবটি নেওয়া যাবে। বছরের শেষ দিকে ইউরোপ, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায়ও চালু করা হবে সাবস্ক্রিপশন সেবাটি।

 ফ্রিতেই ম্যাগাজিন ও নিউজপেপার পড়তে পারবেন গ্রাহকরা। তবে এটি প্রথম মাসের জন্য। পরবর্তী মাসগুলো থেকে টাকা গুণতে হবে।

এই সেবাটির বিষয়ে টিম কুক বলেন, ‘তিন বছর আগে যখন অ্যাপল নিউজ চালু করি তখন আইফোন ও আইপ্যাডে নিউজ পড়ার সবচেয়ে ভালো মাধ্যমটি তৈরি করতে চেয়েছিলাম। এখন অ্যাপল নিউজ প্লাস চালু করে নিউজ পড়ার অভিজ্ঞতা এবং নিউজ বোঝার ধরণে পরিবর্তন আনতে চাচ্ছি। আমরা এমন একটি প্ল্যাটফর্ম এনেছি যেখানকার নিউজ হবে বস্তুনিষ্ঠ ও বিশেষজ্ঞদের হাতে বাছাই করা।

টিক কুক জানান, বর্তমানে অ্যাপল নিউজ বিশ্বের নাম্বার ওয়ান নিউজ অ্যাপ। তবে এই র্যাঙ্কিংটি কিভাবে করা হলো তা জানাননি তিনি।