ইউল্যাবে শুরু হলো ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর অধীনে একটি নতুন স্নাতক প্রোগ্রাম শুরু হয়েছে। শনিবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
 
এ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক এস এম মাহবুবুর রহমান ও ডিন হিসাবে রয়েছেন ইউল্যাবের উপ উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি করেছেন। কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।
 
তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে ইসিই বিভাগের এনএসইআরসি পোস্ট ডক্টোরাল ফেলো ছিলেন।
 
ইউল্যাব এর উপ-  উপাচার্য ও ইইই বিভাগের ডীন অধ্যাপক এইচ এম জহিরুল হক ন্যাশনাল ইউনিভার্সিটি অব খারকিভ ইউক্রেন থেকে এমএসসি এবং পিএইচডি করেছেন। 
 
এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম ও মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস সোনিয়া কবির সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
ইউল্যাবের সকল শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইইই বিভাগের উদ্বোধনী ভিডিও দেখানো হয় ও প্রথম ব্যাচের ইইই শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট ট্যাব বিতরণ করা হয়। ইউল্যাব এর উপাচার্য প্রফেসর ইমরান রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
 
ইত্তেফাক/এমএইচ