আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ডিজিটাল বাংলাদেশ'র সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করেও অতিজরুরী ও গুরুত্বপূর্ণ নথি-পত্রে স্বাক্ষর করছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
রবিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। আইনমন্ত্রী ইতোমধ্যে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও পল্লী সঞ্চয় ব্যাংক অধ্যাদেশ সংক্রান্ত নথিপত্রে স্বাক্ষর করেছেন। এছাড়া তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র থেকেই জরুরী নথি-পত্রে স্বাক্ষর করবেন।
উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হক তার ছোট ভাইয়ের হৃদরোগের চিকিৎসার জন্য ৬ নভেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে যান। আগামী ২০ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। -বাসস।
ইত্তেফাক/এসএস