গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
স্টেশন আছে, ট্রেন থামে, যাত্রী উঠানামা করে ও মালামাল পরিবহন চলে, বিক্রি হয় না শুধু টিকিট। এটি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা রেলস্টেশন। লোকবল সংকটের কারণে বিসকা রেলওয়ে স্টেশনের দাপ্তরিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। প্রতিদিন এই স্টেশন হয়ে আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেনসহ ৩২টি ট্রেন চলাচল করে। গৌরীপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-গৌরীপুর রেলওয়ে লাইনের গৌরীপুর ও শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্টেশনটির নাম বিসকা। লোকবল সংকটে প্রায় ১০ বছর ধরে বন্ধ রয়েছে এর কার্যক্রম। প্রতিদিন শত শত যাত্রী এই স্টেশন হয়ে ময়মনসিংহ, গৌরীপুর, কিশোরগঞ্জ, ভৈরব, শ্যামগঞ্জ, পূর্বধলা, জারিয়া, নেত্রকোনা, মোহনগঞ্জসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। দিনে ৩২টি ট্রেন চলাচল করলেও শুধুমাত্র লোকাল ট্রেনগুলো এই স্টেশনে যাত্রাবিরতি করে।
বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, বিসকা রেলস্টেশন চালুর জন্য এলাকাবাসী মানববন্ধন করে আসলেও স্টেশনটি চালু হয়নি। আমরা স্টেশনটি দ্রুত চালু করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম বলেন, লোকবল সংকটের কারণে বিসকা স্টেশনের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি লোকবল নিয়োগ করে তাহলে এই স্টেশন পুনরায় চালু করা হবে।