রুয়েট ও রাবি ছাত্রলীগের সম্মেলন ৭-৮ ডিসেম্বর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের সম্মেলন আগামী ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 
 
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা সোমবার এ তথ্য নিশ্চিত করেন। 
 
তিনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। 
 
এর আগে গত ২৩-২৪ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে রাবি ও রুয়েটে সম্মেলন হওয়ার কথা জানানো হলেও তা অনুষ্ঠিত হয়নি। তবে এবারে ঘোষিত তারিখে সম্মেলন হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। 
 
রাবি ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২০ জুলাই মিজানুর রহমান রানাকে সভাপতি ও এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় তুহিনকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এদিনই খালিদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মিজানুর রহমান রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। এ সময় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে।
 
রুয়েট শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর রাইসুল ইসলাম রোজকে সভাপতি এবং তৌহিদুর রহমান হিমেলকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও কোন নতুন কমিটি দেয়া হয়নি।
 
ইত্তেফাক/ইউবি