স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে পুকুর খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সোমবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালনা পরিষদের ৪৩তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন তিনি।
তিনি বলেন, ভূ-গর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহারের কারণে আমাদের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। ভূ-গর্ভস্থ পানির স্তর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায়োগিক গবেষণা চালানোর জন্য বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ)সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
মন্ত্রী আরও বলেন, বাঁচার জন্য পানি অপরিহার্য। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পুকুর খনন প্রকল্প গ্রহণ করেছে। মন্ত্রী পল্লীর জনগণের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও প্রায়োগিক গবেষণা পরিচালনা ও দক্ষ মানব সম্পদ তৈরি করে দেশকে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, উন্নয়নের পূর্ব শর্ত দক্ষ মানব সম্পদ সৃষ্টি। এজন্য গবেষণাধর্মী আরডিএ, বগুড়ার ন্যায় বিভাগীয় পর্যায়ে আরো একাডেমি করার চিন্তা-ভাবনা চলছে।
সভায় পরিচালনা বোর্ডের সহ-সভাপতি এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, বোর্ডের সদস্যগণ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/এমআর/এমএইচ