স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্কাইভস এবং ত্রৈমাসিক একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তার প্রকাশনার উদ্বোধন ও মোড়ক উন্মোচন হয়েছে মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নীচতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান আর্কাইভস এবং ত্রৈ-মাসিক একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তার প্রকাশনার মোড়ক উন্মোচন ও উদ্বোধন করেন।
আর্কাইভস স্থাপন কমিটির আহ্বায়ক ও ত্রৈমাসিক বিদ্যাবার্তার সম্পাদক উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও কোষাধ্যক্ষ প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।
আর্কাইভসের বিভিন্ন তথ্য মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা।
উপাচার্য প্রফেসর আব্দুস সোবহান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী করতে পঞ্চাশ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে আর্কাইভস প্রতিষ্ঠা ও বাস্তবায়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়কে বিশ্ববিদ্যালয় পরিবারসহ দেশবাসীর কাছে তুলে ধরার লক্ষ্যে ত্রৈমাসিক একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তা প্রকাশ করা হয়েছে। আগামীতে একে আরো বিস্তৃত পরিসরে প্রকাশের পরিকল্পনা রয়েছে।