'নাসিরনগর ও গোবিন্দগঞ্জের ঘটনায় অপরাধীদের বিচার হবে'

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নাসিরনগর ও গোবিন্দগঞ্জের ঘটনায় জড়িত সকল অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, 'নাসিরনগর, গোবিন্দগঞ্জ এবং রায়পুরার ঘটনা বিচ্ছিন্ন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সাথে এর কোন সম্পর্ক নেই।'
 
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, "নাসিরনগর, গোবিন্দগঞ্জ এবং রায়পুরার ঘটনাগুলোর সাথে 'অন্য কোন গোষ্ঠী' জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।" তিনি বলেন, 'পুলিশকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। যাতে এ ধরনের ঘটনা আবার না ঘটে।'
 
'আমরা জঙ্গিবাদের মূলোৎপাটন করেছি এবং জঙ্গিদের সকল আন্ত:সংযোগ ধ্বংস করা হয়েছে'- একথা উল্লেখ করে আমু বলেন, 'অতীতের যেকোন সময়ের তুলনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো।'
 
এক প্রশ্নের জবাবে এই প্রবীণ নেতা বলেন, ’গোবিন্দগঞ্জে ভূমিদস্যুরা নিজেদের স্বার্থে সরকারি জমিতে সাঁওতালদেরকে বসিয়েছে।’
 
আমির হোসেন আমুর সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।  -বাসস।
 
ইত্তেফাক/এসএস