বিশ্বকাপ দল

চমক হতে পারেন ইয়াসির আলী

দুই মাস পরই বিশ্বকাপ। আগামী ২২ এপ্রিল বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে। এখন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলা নিয়েই ব্যস্ত আছেন ক্রিকেটাররা। প্রিমিয়ার লিগের মাঝেই তাই বিশ্বকাপ দল নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। বিশ্বকাপের দলে নতুন কারো সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে নতুন কোনো ক্রিকেটারের দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নাকচও করে দেননি বিসিবি সভাপতি।

গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল দেওয়া হবে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার পার্থক্য অনেক। তাই ইংল্যান্ডের কন্ডিশনে পরীক্ষিতদের উপরই আস্থা রাখতে চায় বিসিবি।

বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মূল দলটা ১৫ জনেরই হবে। তবে বিশ্বকাপে যাবে বাংলাদেশের ১৭ ক্রিকেটার। সূত্র জানায়, দলে চমক হতে পারেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। নির্বাচকদের সুনজরেও আছেন এই তরুণ। বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে পারফর্ম করা ইয়াসির এখন ব্রাদার্সের হয়ে প্রিমিয়ার লিগ খেলছেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে মাশরাফি বাহিনীর অংশ হয়ে যেতে পারেন চট্টগ্রামের এই ক্রিকেটার।

বিশ্বকাপে দলে কোনো চমক থাকবে কিনা জানতে চাইলে গতকাল নাজমুল হাসান পাপন বলেছেন, ‘চমকের বিষয় এখানে না। আমরা ১৫ জনের একটা দল বানাব। নতুন কারো সম্ভাবনা খুবই কম। আমি বলছি না যে হবে না। কারণ আজকেও (গতকাল) আমরা কথা বলছিলাম যে কিছু করা যায় কিনা, কিছু করা যায় কিনা। ঘরোয়া ক্রিকেটে যতই ভাল করুক না কেন একটা নতুন ছেলে আন্তর্জাতিকে খেলা বিরাট পার্থক্য। উপমহাদেশে যদি হতো তাও এক কথা। কাজেই যে যতই ভাল করুক হুট করে এসে একদম বিশ্বকাপ খেলে ফেলবে এই সম্ভাবনা খুবই কম।’

প্রিমিয়ার লিগের পারফরম্যান্স প্রভাব ফেলবে না বিশ্বকাপে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এখন পর্যন্ত যা খেলা হয়েছে বিজয় পর পর তিন সেঞ্চুরি করে, অসাধারণ। তারপর ফরহাদ রেজা টি-টোয়েন্টিতে সুপার খেলেছে। তারপর জহুরুল ভাল করছে, মোসাদ্দেক ভাল করছে। ইয়াসির রাব্বি ভাল করছে। শান্ত ভাল করছে।’

তবে পেস আক্রমণে দ্রুতগতির বোলারের অভাব বোধ করছেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘আমাদের একটাই ঘাটতি যেটা মনে করছি পেসারদের গতি কম। রুবেলের কিছুটা আছে। সাইফুদ্দিন, মোস্তাফিজের অতটা না। তাসকিনের পেস আছে। ও যদি লাইন লেন্থ ঠিক রাখতে পারে তাহলে ও ভাল বিকল্প।’

বাংলাদেশের বিশ্বকাপ দলটা প্রায় তৈরি আছে বলেই জানালেন বিসিবি সভাপতি। তামিমের সঙ্গে ওপেনিংয়ে লিটন দাস, সৌম্য সরকার থাকছেন। সেক্ষেত্রে চতুর্থ ওপেনার নেওয়ার চিন্তা বাদ দেওয়া হচ্ছে। তিনে ব্যাট করবেন সাকিব আল হাসান। এই পজিশনেই ব্যাট করতে চান তিনি। চারে মুশফিক। পাঁচে, ছয়ে মিঠুন-মাহমুদউল্লাহ পরিস্থিতি অনুযায়ী খেলবেন। সাতে সাব্বির থাকছেন। আছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। পেস বিভাগে মাশরাফি, মুস্তাফিজ, রুবেল রয়েছেন। ইনজুরি কাটিয়ে তাসকিনেরও দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ থাকছেন স্পিনার কোটায়। তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।