ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শুধু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা, সুতিয়ারা, সুহিলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাজার হাজার ফুট অবৈধ পাইপ বসিয়ে গ্যাস সংযোগ দেয়। এ ছাড়া পৌর এলাকার পাইকপাড়া, কালাইশ্রীপাড়া, শেরপুর, মেড্ডা, কাউতলী, গোকর্ণ ঘাটসহ বিভিন্ন এলাকায় রয়েছে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ। এসব গ্রাহক বছরের পর বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছে।
অনুসন্ধানে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ, চুলা বাড়ানো, রাইজার স্থানান্তরসহ বন্ধের নির্দেশ থাকা সত্ত্বেও মানা হচ্ছে না নিয়ম। কাগজপত্র যাচাই-বাছাই ও এলাকায় সার্ভে না করে শহরের বিভিন্ন জায়গায় রাইজার স্থানান্তর করা হচ্ছে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক অফিসের ইঞ্জিনিয়ারিং শাখার ম্যানেজার শফিকুল হক শহরের পাইকপাড়াসহ বিভিন্ন মহল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিনের জন্য অভিযান চালান। পূর্ব পাইকপাড়া মহল্লার বিজয় সেনের বাড়িতে গিয়ে ব্যবহূত অবস্থায় অনুমোদনহীন অনেক চুলার অস্তিত্ব খুঁজে পান। তিনি সংযোগ বিচ্ছিন্নসহ কোনো ধরনের ব্যবস্থা না নিয়েই ওই স্থান থেকে ফিরে আসেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী জাহিদুর রেজা জানান, অবৈধ সংযোগের ব্যাপারে আমরা খোঁজ-খবর নিচ্ছি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। অপর ইঞ্জিনিয়ার শফিকুল হক জানান, অবৈধ সংযোগের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে।