কুমিল্লায় চতুর্থ শ্রেণির ছাত্র শিহাব হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকাল ৫টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক আজিজ আহমদ ভূঁইয়া এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে কুদ্দুছুর রহমান রবিন (২০) ও আদর্শ সদর উপজেলার রত্মাবতী গ্রামের শাহ আলমের ছেলে মাহে আলম নয়ন (১৯)।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ জানুয়ারি সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার রত্মাবতী গ্রামের মাইলস্টোন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রাশেদুল ইসলাম শিহাবকে পিকনিক থেকে অপহরণ নিয়ে যায় একই গ্রামের রত্মাবতী আলী আমেনা হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র নয়ন ও ফয়সল। অন্ধকারে নেয়ার পর শিশু শিহাব কান্নাকাটি শুরু করলে নয়ন ও ফয়সল তাদের গায়ের চাদর দিয়ে শিহাবের চোখ-মুখ বেঁধে ফেলে, এতে সে অজ্ঞান হয়ে পড়ে। এর শিহাবকে তার বাবা-মা খোঁজাখুজি শুরু করলে অপহরণকারীরা তড়িঘড়ি করে শিহাবকে রত্মাবতী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুমের ট্যাংকির ভেতর ফেলে দিয়ে চলে আসে। ট্যাংকিতে শিহাব নড়াচড়া করছে দেখে রবিন তার গলায় ছুরি চালায়। এরপর ঢাকনা দিয়ে ট্যাংকির মুখ বন্ধ করে লাশ গুম করে রাখা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের নিকট ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের ৩ দিন পর পুলিশ চারজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে ওই পরিত্যক্ত বাথরুমের ট্যাংকির ভেতর থেকে শিহাবের গলিত লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি