চট্টগ্রামে সরকারি গুদাম থেকে চাল পাচারের ঘটনায় করা মামলার আসামি হালিশহর সরকারি খাদ্য গুদামের তত্কালীন সহকারী ব্যবস্থাপক ফখরুল আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, মামলার পর থেকে ফখরুল পলাতক ছিলেন। গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। ফখরুল আলম হালিশহর সিএসডি খাদ্যগুদামের সহকারী ব্যবস্থাপক ছিলেন। ঘটনার পর তাকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বদলি করা হয়েছিল।
২০১৭ সালের ১৭ জুলাই রাতে ও ১৮ জুলাই দিনে অভিযান চালিয়ে নগরীর হালিশহর ও সিটি গেইট এলাকা থেকে পাচারের চালসহ ৪টি ট্রাক আটক করে র্যাব। আটক তিন হাজার ৯৬ বস্তায় মোট ১৫৫ মেট্রিক টন চাল পাচার হচ্ছিল বলে জানায় র্যাব। তখন হালিশহর সিএসডি গুদামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক প্রণয়ন চাকমা ও ৪ ট্রাকের চালক শামসুল হুদা, মো. মিজান, শফি আলম ও মো. ওসমানকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব-৭ এর নায়েক সুবেদার জহির উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৮ জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলার মধ্যে স্থানীয় দুই চাল ব্যবসায়ীকেও আসামি করা হয়।