গতকাল র্যাবের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেডে অংশ গ্রহণের মাধ্যমে র্যাব আত্মপ্রকাশ করে। অপারেশন দায়িত্ব পায় ২০০৪ সালের ১৪ এপ্রিল। রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সম্মুখে আসে। আর ঐ বছরের ৩০ জুন রাজধানীর উত্তরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান ক্রসফায়ারে নিহতের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ অপারেশন কার্যক্রম শুরু করে।
র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, র্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জঙ্গি দমন, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী ও মাদকের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনাসহ একাদশ জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছে।
অনুষ্ঠানে র্যাবের বিভিন্ন আভিযানিক কার্মকাণ্ডে সাহসিকতা ভূমিকা পালন করায় ৩৪ র্যাব সদস্যকে বিশেষ সম্মাননা পুরস্কার (সাহসিকতা) এবং ২৫ র্যাব সদস্যকে বিশেষ সম্মাননা পুরস্কার (সেবা) প্রদান করা হয়।