বঙ্গবন্ধুর স্মৃতিচারণে কাঁদলেন নির্বাচন কমিশনার
ইত্তেফাক রিপোর্ট
শুধু মনোবল সঙ্গী করে বাঁশের লাঠিকে রাইফেল ধরে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া শুরু করি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেছেন, ৭ই মার্চের ভাষণে রেসকোর্স ময়দানে(সোহরাওয়ার্দী উদ্যান)আমরা কেউ মশারি টানানোর লাঠি, কেউ বাঁশ এসব নিয়ে ছুটে যাই। সেখানে লাখ লাখ মানুষ ছিল, তার মধ্যে আমরাও ছিলাম। আমিও ছিলাম। কারণ, আমরা স্বাধীনতা চেয়েছিলাম। গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
সিইসি কেএম নূরুল হুদা বলেন, রাতে আমার এক স্যারের সঙ্গে দেখা করে বলি, বঙ্গবন্ধু তো দিকনির্দেশনা দিয়ে দিয়েছেন, এখন কী করব? স্যার বলেন, ঢাকা শহর কারো জন্য নিরাপদ নয়, তুমি বরং গ্রামে চলে যাও। আমি ফরিদপুরের এক বন্ধুকে সঙ্গে নিয়ে গ্রামের দিকে রওনা হই। গ্রামে পৌঁছে দেখি, সব তরুণ-যুবা, কৃষক-শ্রমিক-জনতা, সবার মধ্যেই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি। আমরা শুধু মনোবল সঙ্গী করে বাঁশের লাঠিকে রাইফেল ধরে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ নেয়া শুরু করি।
অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তুলে ধরলেন মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস। এ সময় দর্শকসারিতে অনেককেই চোখ মুছতে দেখা যায়।
বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার কবিতা খানম ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।