মালয়েশিয়ায় শিক্ষকদের উচ্চ শিক্ষার সুযোগ

মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী দাতো সিরি ইদ্রিস জুসোহ তার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের তরুণ শিক্ষকদের পিএইচডি ও গবেষণাসহ উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টির আশ্বাস দিয়েছেন।
 
মালয়েশিয়ার রাজধানী পুত্রাজায়ায় বুধবার তার কার্যালয়ে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
 
আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে দু'দেশের পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়। শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরো প্রসারের ব্যাপারে উভয় মন্ত্রী একমত হন।
 
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুর ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, ইউনিভার্সিটি অব নটিংহাম-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক স্যার ডেভিড গ্রীণএ্যাওয়ে এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুধবার অপর এক অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব নটিংহাম মালয়েশিয়া ক্যাম্পাস (ইউএনএমসি) এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পার্টনারশিপ এগ্রিমেন্ট (পিএ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস