রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হাতে আটক দুই সাঁওতাল গুলিবিদ্ধ বিমল কিসকু ও চরণ সরেনকে বৃহস্পতিবার জামিন দিয়েছেন আদালত।
গোবিন্দগঞ্জ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট এ এসএম তাসকিনুল হক বৃহস্পতিবার বিকালে তাদের এই জামিনের আদেশ দেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আনিস মোস্তফা তোতন জানান, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তিনি ও অ্যাড. মাযাহারুল ইসলাম এবং অ্যাড. শাসছুজ্জোহা শামীম তাদের জামিন আবেদন করেন। আদালত সন্তুষ্ট হয়ে তাদের স্থায়ী জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত বিমল কিসকু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুচাপাড়ার সাকিলা কিসকুর ছেলে ও চরণ সরেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়ার মৃত জঙ্গা সরেনের ছেলে।
গত রবিবার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষে চারজন সাঁওতাল গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রবিবার রাতেই চাপাইনবাবগঞ্জের গোমেস্বরপুরের বাসিন্দা শ্যামল হেমভ্রম (৩৫) মারা যান। গোবিন্দগঞ্জের জয়পুরপাড়া গ্রামের দীজেন টুডু ঢাকায় চিকিৎসাধীন আছেন। এই দুই জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইত্তেফাক/ইউবি