খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাশিয়ায় অনুষ্ঠেয় দ্বিতীয় বিশ্ব বীজ ফোরাম-২০১৬ এ অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
উক্ত ফোরামে ৫০টিরও অধিক দেশ থেকে ডেলিগেশন, আন্তর্জাতিক সংগঠনসমূহের প্রধান, বিখ্যাত বিজ্ঞানী ও বিশেষজ্ঞসহ প্রায় ২৫শ' ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
ফোরামে সীমিত ভূমি ও পানিসম্পদ ব্যবহার, মাটির উর্বরতা হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বিশ্ব খাদ্য নিরাপত্তা বিষয়ে পর্যালোচনা করা হবে। এছাড়া বিশ্বের শস্য বাজারে টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে।
দ্বিতীয় বিশ্ব বীজ ফোরাম-২০১৬ এ অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক ভূমি ও পানিসম্পদ ব্যবহারের অভিজ্ঞতাসহ বিশ্ব খাদ্য নিরাপত্তা এবং শস্য বাজারের টেকসই উন্নয়নের অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
আগামী ২২ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। -বাসস।
ইত্তেফাক/এসএস/