ঝালকাঠিতে কলেজ শিক্ষার্থীকে হাত-পা কেটে হত্যা

ঝালকাঠির রাজাপুরে মেহেদি হাসান শুভ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ডান হাত ও বাম পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও তার অন্য হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের প্রচুর আঘাত রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের পশ্চিম বড়ইয়া বিলের বাড়ি এলাকায় খোলামাঠে এ ঘটনা ঘটে। শুভ উপজেলার বড়ইয়া গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে ও বড়ইয়া ডিগ্রি কলেজের বিএম শাখার ছাত্র। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে তিনটার সময় স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলীর বাড়ির মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় ‘মা রে-বাবা রে’ ইত্যাদি চিত্কার শুনতে পায় তারা। সকালে লোকজন খোলা জমির মধ্যে মৃতপ্রায় শুভকে দেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথে তার মৃত্যু ঘটে। তবে মৃত্যুর আগে শুভ পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। ঘটনার পর থেকে ইউপি সদস্য ও তার নাতি নেয়ামত পলাতক রয়েছেন।

শুভর মা নাসিমা বেগম জানান, রাতে পিকনিকের কথা বলে দুর্বৃত্তরা মোবাইল ফোনে শুভকে ডেকে নেয়। পরে রাতে আবার নাসিমা তার ছেলেকে ফোন দিলে সে জানায় যে নেয়ামতের সঙ্গে সে রয়েছে। এ ব্যাপারে রাজাপুর থানার ওসি তদন্ত মাঈন উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।