ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে মাথার ওপর নির্মাণ সামগ্রী পড়ে শিউলি বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে হাজীনগর পুরাতন ৫তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই মো. হাসান জানান, হাজীনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তার বোন এক কন্যা সন্তানের জননী শিউলি বেগম। স্বামী মো. ইমরান হোসেন গার্মেন্টসে চাকরি করেন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বাসার পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় জাহাঙ্গীরের নির্মাণাধীন ৫তলা ভবনের ওপর থেকে তার বোনের মাথায় বাঁশ বা কাঠ পড়ে। এতে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় শিউলিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।