পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তি করার অভিযোগে পলাশ কুমার রায় নামে আওয়ামী লীগের এক সমর্থককে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। আইনজীবী পরিচয়দানকারী পলাশ আটোয়ারী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানীর ছেলে। পলাশ সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাও করেন।
মামলার বিবরণ ও পুলিশের তথ্য থেকে জানা যায়, পলাশ কুমার রায় গত সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তার বিরুদ্ধে কোহিনুর কেমিক্যাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের করা ৩০ লাখ টাকা আত্মসাতের একটি মামলা প্রত্যাহারের দাবিতে পরিবারের লোকজন নিয়ে অনশন শুরু করেন। এক পর্যায়ে সেখান থেকে উঠে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে মানববন্ধন শুরু করে। এসময় পলাশ রাস্তা বন্ধ করে মানববন্ধনে হ্যান্ডমাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিসহ গালাগালি করতে থাকেন। এমনকি প্রশাসন ও পুলিশ বাহিনী সম্পর্কেও অশালীন বক্তব্য দেন পলাশ। এক পর্যায়ে আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিকালে জেলা শহরের ধাক্কামারা এলাকার রাজিব রানা নামের এক যুবক প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় পলাশের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার ওসি আবু আক্কাছ আহম্মদ বলেন, প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করায় স্থানীয়রা পলাশকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তার বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।