ইত্তেফাক রিপোর্ট
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।
সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিত্সা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসের রিজভী এ তথ্য জানান। ডা. রিজভী বলেন, ওবায়দুল কাদের সুস্থ আছেন। তার রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।
এ সময় হাসপাতাল লবিতে উপস্থিত ছিলেন, ওবায়দুল কাদেরের সহধর্মিণী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের, তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তা প্রমুখ।
ওবায়দুল কাদের গত ৩ মার্চ বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি হওয়ার পর তিনটি ব্লক ধরা পড়ে। ৪ মার্চ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়।