স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় দলটির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
নেতৃবৃন্দ ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ৩০ লাখ শহীদ, জাতীয় চার নেতা, ৭৫ এর ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। রাত ১২টা ১ মিনিটে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন প্রমুখ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।