এখন থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বাজাজের নতুন কমিউটার মোটরসাইকেল ‘বাজাজ ভি’। রবিবার রাজধানীতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এর উদ্বোধন করে উত্তরা মোটর্স। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের এক পুরোনো মিত্রকে মোটরসাইকেল রূপে দেশে ফিরিয়ে আনলো প্রতিষ্ঠানটি।
বাজাজ ভি’তৈরি করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী রণতরীর ধাতব দিয়ে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ও বীরোচিত ভূমিকা পালন করে রণতরী আইএনএস ভিক্রান্ত। মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা এবং মংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ জলসীমায় যৌথবাহিনীর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে পিছু হটতে বাধ্য করে পাক বাহিনীকে।
১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত মুম্বাইয়ে সামুদ্রিক জাদুঘর হিসেবে রক্ষিত ছিলো আইএনএস ভিক্রান্ত। ২০১২ সালেই এ জাদুঘর বন্ধ হয়ে যায় এবং সময়ের পরিক্রমায় ২০১৪ সালের জানুয়ারি মাসে যুদ্ধ জাহাজটি ভেঙে ফেলা হয়। তখনই অপরাজেয় এ যুদ্ধ জাহাজের ধাতু দিয়ে ‘বাজাজ ভি’তৈরির সিদ্ধান্ত নেয় শীর্ষস্থানীয় মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ।
আইএনএস ভিক্রান্তের ধাতব পদার্থ দিয়ে অজেয় ‘বাজাজ ভি’তৈরির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শৌর্যকেই আবার ধাতব রূপে ফিরিয়ে আনা হয়েছে।
সুদৃঢ় ও শক্তিশালী ‘বাজাজ ভি’তে বডির সাথে রয়েছে ১৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন যা ১২ পিএস পর্যন্ত পাওয়ার উৎপাদনে সক্ষম এবং এর টর্কের ঘূর্ণন গতি ১৩।
বাজাজ ভি’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে মুক্তিযুদ্ধে আইএনএস ভিক্রান্তের অবদান নিয়ে স্মৃতি রোমন্থণ করেন বীর উত্তম মেজর জেনারেল (অব.) কে. এম. শফিউল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান ও বাজাজ অটো লিমিটেডের (ভারত) শীর্ষ নির্বাহী কর্মকর্তারা।
মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫শ’টাকা।
ইত্তেফাক/এমএইচ