গতকাল মঙ্গলবার দেশের অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং ঢাকার কেরানীগঞ্জ, দোহার-নবাবগঞ্জ ও ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতার।
নারায়ণগঞ্জ: শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া গোল চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করেন নারায়ণগঞ্জবাসী। সূর্য উদিত হওয়ার পরই শুরু হয় শ্রদ্ধা নিবেদন। নারায়ণগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করে। ভোর ৬টায় প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা। এরপর জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পুলিশের কর্মকর্তারা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সমাজসেবা কার্যালয়, সড়ক বিভাগ, জেলা মাদক দব্য নিয়ন্ত্রণ কার্যালয়, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ কলেজ, নিউক্লিয়াস স্কুল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মহিলা পরিষদ, অয়ন ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগ, আমরা নারায়ণগঞ্জবাসী, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, খেলাঘর আসর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার, সমকাল সুহূদ সমাবেশ, মহসিন ক্লাব, বিক্রমপুর সমিতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
আড়াইহাজার: উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
সিদ্ধিরগঞ্জ: উপজেলায় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানিকগঞ্জ: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সরকারি হাইস্কুল মাঠে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। এদিকে দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইন্স গ্রাউন্ডে রক্তদান কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ। পরে জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। বিকালে জেলা পুলিশের সঙ্গে মানিকগঞ্জ প্রেসক্লাবের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ঘিওর: ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলায় দিবসটির সূচনা হয়। ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, ঘিওর প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ডি.এন.পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
গাজীপুর: মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা বিকালে জেলা শহরের রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, আহাম্মদ আলী রুশদী প্রমুখ। এছাড়া সকালে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ছাত্রদলের উদ্যোগে ছাত্রদল নেতা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন সরকার প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা): উপজেলা পরিষদ মাঠে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, মুক্তিযোদ্ধা শাহজাহান ও উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা): বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করেছে একুশে ব্লাড ডোনারস্ ক্লাবের সদস্যরা। এর আগে সংগঠনটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে।
ধামরাই (ঢাকা): ধামরাইয়ে সরকারি বেসরকারি উদ্যোগে পালন করা হয়েছে দিবসটি। আলোকসজ্জা করা হয় উপজেলা পরিষদ কার্যালয়, পৌর ভবন, থানার আঙিনাসহ বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, বিভিন্ন ধরনের ডিসপ্লে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নানা ধরনের খেলাধুলা ছিল কর্মসূচির আওতায়। এইদিনে প্রায় অর্ধ সহস্র মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।