নর্থ লন্ডনে একটি মসজিদে লেবার পার্টি প্রধান ও ব্রিটিশ পার্লামেন্টে প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনের উপর ডিম হামলার দায়ে দেশটির আদালত এক ব্যক্তিকে ২৮ দিনের কারাদণ্ড দিয়েছে।
২০১৭ সালে রমজান মাসে ফিন্সবুরি পার্ক মসজিদে তারাবি নামাজ আদায়রত মুসল্লিদের উপর এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গাড়ি হামলার পর মুসলিম সম্প্র্রদায়কে সমবেদনা জানাতে মি. করবিন ওই মসজিদে উপস্থিত হয়েছিলেন। এ সময়ে কট্টর ব্রেক্সিটপন্থি ৩১ বছর বয়সী জন মুরফি নামের এক যুবক তার উপরে ডিম হামলা চালায়। এ ঘটনায় পুলিশ তাত্ক্ষণিকভাবে তদন্ত করে হামলাকারীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। গত সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মিস এমা অর্বুথনট এই রায় প্রধান করেন।