২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা দিলেন ওয়াশিংটন ডিসির মেয়র

চলতি বছরের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক বার্তায় ওয়াশিংটন ডিসির মেয়র বাউজার এ সিদ্ধান্ত জানান। বার্তায় তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। এদিন বাংলাদেশের জনগণ স্মরণ করছে তাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা- যার মাধ্যমে তাদের দেশ স্বাধীনতা অর্জন করে। ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাসের অবদান রয়েছে। এই বিশেষ দিনে আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ২০১৯ সালের ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দিচ্ছি। এর আগে ২০১৮ সালেও ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেন ওয়াশিংটন ডিসির মেয়র।