নিউইয়র্কে হিন্দু কাউন্সিলের বিজয়া পুনর্মিলনী

হিন্দুদের ওপর হামলা বন্ধ ও কারণ খুঁজে বের করার আহ্বান

নিউইয়র্কে সার্বজনীন বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে হিন্দু কাউন্সিল অব নর্থ আমেরিকার নেতৃবৃন্দ অবিলম্বে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। 
 
তারা বলেন, হিন্দুদের ওপর কেনো এই হামলা হচ্ছে তার কারণ খুঁজে বের করতে হবে এবং সরকারকেই এর সমাধান দিতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের হিন্দুরা বর্তমান সরকারের ভোটব্যাংক। কিন্তু হিন্দুদের ওপর নির্যাতন চলতে থাকলে এবং বর্তমান সরকার এ বিষয়ে চুপ থাকলে আগামী নির্বাচনে এর সমুচিত জবাব দেওয়া হবে। 
 
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে নিউইয়র্কের প্রায় ৩২টি সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত এই বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক হিন্দু ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল বক্তৃতা এবং শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুনর্মিলনী অনুষ্ঠান হলেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা ব্যাপকভাবে প্রভাব পড়ে নেতৃবৃন্দের বক্তব্যে। 
IMG0
অনুষ্ঠানে বক্তব্য দেন হিন্দু কল্যাণ অব নর্থ আমেরিকার আহ্বায়ক গৌরাঙ্গ কুন্ডু, সদস্য সচিব প্রণবেন্দু চক্রবর্তী, কোষাধ্যক্ষ সুভাষ মজুমদার, সমন্বয়কারী প্রবীর রায় প্রদীপ মালাকার, প্রদীপ দাস, প্রভাষ মন্ডল প্রমুখ। 
 
অনুষ্ঠানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই মুহূর্তে আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং সম্মিলিতভাবে প্রতিবাদ জানাতে হবে। 
 
পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ পর্বে ভারতের বেশকয়েকজন শিল্পী ও ব্যান্ড শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। 
 
 
ইত্তেফাক/এমআই